বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩২ খাল পুনর্খননে ১,৪৭০ হেক্টর জমিতে অতিরিক্ত আবাদ

জাহাঙ্গীর হোসেন,সাতক্ষীরা / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গত ২০২৫-২৬ অর্থবছরে সাতক্ষীরায় প্রায় ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যরে ৩২টি খাল পুনর্খনন করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০ হেক্টর জমিতে অতিরিক্ত আমন এবং ৪৬০ হেক্টর জমিতে বোরো আবাদ বাড়ছে। দুই মৌসুম মিলিয়ে অতিরিক্ত ১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন ও বোরো ধানের আবাদে যথাক্রমে ৬ হাজার ৬৩৭ মেট্রিক টন এবং ৯ হাজার ৪৮১ মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা ও ৩০ কোটি ৩৪ লাখ টাকা। এর বাইরে শীতকালীন নানা ফসল তো রয়েছেই। কৃষি বিভাগের ভাষ্য, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে মাত্র ৩২টি খাল পুনর্খননেই জেলার কৃষি ও কৃষকের অবস্থার বদল শুরু হয়েছে। জেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নজুড়ে ৪১০ হেক্টর আয়তনের আমদখালি ও হাজিখালি বিল অবস্থিত। এই দুই বিলের পানি নিষ্কাশন ও প্রবাহ সচল রাখতে আমদখালি খালের ২ কিলোমিটার ও কাটাখালির ১ দশমিক ৫ কিলোমিটারসহ মোট সাড়ে ৩ কিলোমিটার খাল পুনর্খনন করা হয়। আগে যেখানে ৪১০ হেক্টর বিলের মাত্র ৩৩ হেক্টর জমিতে আমন চাষ হত, এখন পুরো ৪১০ হেক্টর জুড়েই আমন, বোরো ও কিছু অংশে মাছ চাষ হচ্ছে। খালের পাড়ে আবাদ করা হচ্ছে বিভিন্ন সবজি, কলাসহ নানা ধরনের গাছ। জলাবদ্ধতা কেটে যাওয়ায় এখন খালের পানি তুলে মাছের ঘেরে চাষ করা যাচ্ছে এবং প্রয়োজনমতো পানি সরিয়ে ধানসহ অন্যান্য ফসল ফলানো সম্ভব হচ্ছে। অথচ আগে দীর্ঘ জলাবদ্ধতার কারণে বছরের অর্ধেক সময় ফসলহীন অবস্থায় বেকার থাকতে হত কৃষকদের। এটি কেবল দুটি বিলের দুটি খালের চিত্র। জেলার বিভিন্ন এলাকায় সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ৩২টি খাল পুনর্খননের পর কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। আর ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খনন করা গেলে দেশের কৃষিনির্ভর অর্থনীতিতে সাতক্ষীরা আলাদা গুরুত্ব পাবে। সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের কৃষক আবদুর রহিম, শওকাত আলী ও নুর ইসলাম বলেন, কাটাখালি ও আমদখালি খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড় অংশ তলিয়ে থাকত। চলাচলের রাস্তা, ঘাট এমনকি বসতবাড়িতেও পানি জমে থাকত। গত বছর খাল দুটি পুনর্খননের পর দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার মানুষ। কৃষকদের কাছে এটি যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর ও বেঁচে থাকার স্বপ্ন। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার জানান, সদর উপজেলার আওতায় ৫টি খাল পুনর্খননের ফলে এ বছর উপজেলায় ৫১৮ হেক্টর জমিতে আমন আবাদ বেড়েছে। এতে কৃষকদের পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারাও সন্তুষ্ট। সাতক্ষীরা সেচ বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনহা জানান, গত অর্থবছরে সেচ বিভাগ ৬ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন বিলের ভেতরে পানি প্রবাহে অনুপযোগী হয়ে পড়া ছোট ছোট ২৪টি খাল পুনর্খনন করেছে। এর মাধ্যমে আগে অনাবাদি বা অকৃষি হিসেবে পড়ে থাকা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসায় এটি সরকারের একটি সফল উদ্যোগ বলে মনে করেন তিনি। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, জেলা কৃষি বিভাগের সমীক্ষা অনুযায়ী জেলায় মোট ১২৮টি খাল পুনর্খনন প্রয়োজন। গত অর্থবছরে খনন করা ৩২টি খালের মধ্যে ২৬টির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লক্ষ্যমাত্রার চেয়ে আমন ও বোরো আবাদ বেড়েছে ১ হাজার ৪৭০ হেক্টর জমিতে। এতে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করেন তিনি। চলতি অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খননের কাজ শেষ হলে কৃষিতে আরেকটি বড় পরিবর্তন আসবে বলে আশাবাদী এই কর্মকর্তা। সাতক্ষীরা জেলাপ্রশাসক (ডিসি) মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের খাল পুনর্খনন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। গত অর্থবছরে ৩২টি খাল পুনর্খননের পর চলতি অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খনন করা হলে এর মোট দৈর্ঘ্য দাঁড়াতে পারে প্রায় ২১৫ কিলোমিটার। এতে জেলার কৃষিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান তিনি। উল্লেখ্য, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সাতক্ষীরায় সেচ বিভাগের উদ্যোগে ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে ১৮টি, পানি উন্নয়ন বোর্ড-১ ও ২-এর আওতায় ১৭২ কিলোমিটার দৈর্ঘ্যরে ৫০টি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে ৫টি এবং বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে ৩টি খাল পুনর্খননের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয় হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর