বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

দুই রোনালদোকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

কণ্ঠ ডেস্ক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কিলিয়ান এমবাপ্পের কাছে গোল করা যেন অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিপক্ষের জালে বল পাঠানোর পাশাপাশি নিয়মিতই নতুন করে লিখছেন রেকর্ডবুক। এবার পিএসভি আইন্দ হোভেনের বিপক্ষে জোড়া গোল করে দুই কিংবদন্তি রোনালদোকে দুটি ভিন্ন পরিসংখ্যানে ছাড়িয়ে গেলেন ফরাসি তারকা। তবে বয়সভিত্তিক একটি রেকর্ডে এখনও লিওনেল মেসির পেছনেই রয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসভিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৪ ও ৮৪তম মিনিটে গোল করেন এমবাপ্পে। এই জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৬-এ। মেসির পর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৮তম জন্মদিনের আগেই ৭৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। এই কীর্তি গড়ার সময় ফরাসি ফরোয়ার্ডের বয়স ২৭ বছর ৩৩৯ দিন। মেসি এই মাইলফলক ছুঁয়েছিলেন ২৭ বছর ১৬৯ দিন বয়সে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর চ্যাম্পিয়নস লিগে ৭৫ গোল করতে বয়স ৩০ পেরিয়ে গিয়েছিল।২৮তম জন্মদিনের আগে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডটিও মেসির দখলে। আগামী ২০ ডিসেম্বর ২৮ বছর পূর্ণ হবে এমবাপ্পের। তার আগে আর দুই গোল করতে পারলেই আর্জেন্টাইন কিংবদন্তির সেই রেকর্ড ভেঙে দেবেন তিনি। এদিকে পিএসভির বিপক্ষে জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৭৭ ম্যাচে ১০৪ গোল করেছিলেন ব্রাজিলিয়ান রোনালদো। সেখানে মাত্র ১২১ ম্যাচেই ১০৫ গোল করে ফেলেছেন এমবাপ্পে।এদিন আরও একটি রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। প্রথম ফরাসি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে গোল করার সর্বোচ্চ রেকর্ডটি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০১৭-১৮ সালে রিয়ালের জার্সিতেই এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা।চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন এমবাপ্পে। তার সামনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডফস্কি (১০৯) ও করিম বেনজেমা (৯০)। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এবারও রয়েছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। চলতি আসরের পাঁচ ম্যাচেই গোল করা এই ফরোয়ার্ড ছয় গোল নিয়ে কোমোর গ্রিক স্ট্রাইকার তাসোস দুভিকাসের সঙ্গে যৌথভাবে গোলদাতাদের তালিকার শীর্ষে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর