সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

কণ্ঠ ডেস্ক / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে এসএমই খাতের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে মূলধন ও আধুনিক প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এ খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।

এসএমই খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন এই নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র বা ‘ম্যানুফ্যাকচারিং হাব’ এবং আন্তর্জাতিক রপ্তানির প্রবেশদ্বার বা ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে গড়ে তোলা।

প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি এ খাতে নতুন করে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু দেশের অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনের সঙ্গে এ খাতকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এখন অন্যান্য সম্ভাবনাময় শিল্প খাতেও উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

ইউরোপের বিভিন্ন দেশের শিল্প বিকাশের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতালির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট কিছু পণ্য উৎপাদনের জন্য পরিচিত। শিল্পভিত্তিক ক্লাস্টার গড়ে তোলার মাধ্যমে দেশটি অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের বড় অংশই ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর