সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

খুলনা বিভাগে সার ডিলার নিয়োগে রাজনৈতিক পুনর্বাসন

মোস্তাকিম আল রাব্বি সাকিব / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিন্ডিকেটের নতুন খোলস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শস্যভান্ডার খ্যাত খুলনা বিভাগে সরকারিভাবে সারের ডিলার নিয়োগের সাম্প্রতিক চিত্রটি আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির এক পুরোনো ও রূঢ় বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। প্রাপ্ত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, খুলনা বিভাগের ১০টি জেলায় সরকার মোট ৪৭২ জন সারের ডিলার নিয়োগ দিয়েছে। বিস্ময়কর হলেও সত্য যে, এই ৪৭২ জন নিয়োগপ্রাপ্ত ডিলারের মধ্যে ৪০৯ জনই সরাসরি কোনো না কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা অথবা তাদের নিকটাত্মীয়। শতকরা হিসাবে যা প্রায় ৮৬ দশমিক ৬৫ শতাংশ। বাকি ৬৩ জনের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব না হলেও, মূল নিয়োগ প্রক্রিয়াটি যে সম্পূর্ণরূপে দলীয় বিবেচনায় সম্পন্ন হয়েছে, তা সংখ্যার এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং কৃষি উৎপাদনের প্রাণভোমরা হলো সার। মৌসুমের শুরুতে কৃষকের হাতে ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার পৌঁছানো নিশ্চিত করতেই সরকার ডিলারশিপ প্রথা চালু রেখেছে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই ডিলারশিপ হাতবদল হওয়াটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। অতীতে দীর্ঘ সময় ধরে যেভাবে একদলীয় আধিপত্যে সারের বাজার নিয়ন্ত্রিত হত, সাম্প্রতিক এই নিয়োগ প্রক্রিয়ায় সেই একই বৃত্তের পুনরাবৃত্তি ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। পরিবর্তনের যে আকাক্সক্ষা নিয়ে মানুষ নতুন ব্যবস্থার দিকে তাকিয়ে ছিল, মাঠ পর্যায়ের এই চিত্র সেই আকাক্সক্ষায় বড় ধরনের ধাক্কা দিয়েছে।খুলনা বিভাগের ১০ জেলার সামগ্রিক পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত ৪০৯ জন রাজনৈতিক ব্যক্তির মধ্যে এককভাবে ৩৭৭ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত কিংবা দলের নেতাদের পরিবারের সদস্য। অর্থাৎ মোট নিয়োগপ্রাপ্ত ডিলারের প্রায় ৭৯ দশমিক ৮৭ শতাংশ বা প্রায় ৮০ শতাংশই একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ২৭ জন এবং জামায়াতে ইসলামীর ৫ জন এই তালিকায় স্থান পেয়েছেন। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক বিবেচনায় নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে যশোর জেলা। যশোরে নিয়োগপ্রাপ্ত ৯৭ জন ডিলারের মধ্যে ৯৩ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত, যা শতকরা হিসাবে ৯৫ দশমিক ৮৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেহেরপুর। সেখানে ২০ জন ডিলারের মধ্যে ১৯ জনই বিএনপির নেতাকর্মী বা তাদের স্বজন, যার হার ৯৫ শতাংশ। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৪৫ জনের মধ্যে ৪২ জন (৯৩ দশমিক ৩৩ শতাংশ), মাগুরায় ৩৩ জনের মধ্যে ৩০ জন (৯০ দশমিক ৯১ শতাংশ), নড়াইলে ১৭ জনের মধ্যে ১৫ জন (৮৮ দশমিক ২৪ শতাংশ), কুষ্টিয়ায় ৩৩ জনের মধ্যে ২৭ জন (৮১ দশমিক ৮২ শতাংশ) এবং বিভাগীয় শহর খুলনায় ৫১ জনের মধ্যে ৪১ জন (৮০ দশমিক ৩৯ শতাংশ) একই রাজনৈতিক বলয় থেকে নিয়োগ পেয়েছেন। অন্যান্য জেলার মধ্যে ঝিনাইদহে ৬৪ জনের মধ্যে ৪৮ জন (৭৫ শতাংশ), বাগেরহাটে ৩২ জনের মধ্যে ২১ জন (৬৫ দশমিক ৬২ শতাংশ) এবং সাতক্ষীরায় ৮০ জনের মধ্যে ৪১ জন (৫১ দশমিক ২৫ শতাংশ) বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা ডিলারশিপ পেয়েছেন। অন্যদিকে, পুরো বিভাগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যে ২৭ জন ডিলার নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে ছয়জন করে, বাগেরহাটে পাঁচজন, যশোর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, নড়াইলে দুজন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। আর জামায়াতে ইসলামীর পাঁচজন ডিলারের মধ্যে চারজন সাতক্ষীরায় এবং একজন ঝিনাইদহে নিয়োগ পেয়েছেন। সাতক্ষীরা জেলায় তুলনামূলকভাবে অন্য দলগুলোর অংশগ্রহণ কিছুটা দেখা গেলেও, বিভাগের অধিকাংশ জেলায় একক রাজনৈতিক আধিপত্যই স্পষ্ট হয়ে উঠেছে।মাঠ পর্যায়ের তথ্যানুসন্ধানে দেখা গেছে, কেবল দলের প্রথম সারির নেতারাই নন, বরং জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাদের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, ভাগনে এবং শ্যালকেরাও এই ডিলারশিপের ভাগ পেয়েছেন। কোথাও কোথাও একই পরিবারের একাধিক সদস্য কিংবা প্রবাসে অবস্থানরত ব্যক্তির নামেও লাইসেন্স বরাদ্দ দেওয়ার মতো ঘটনা ঘটেছে।খুলনায় ৫১ জন ডিলারের মধ্যে ৪১ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এখানে সরাসরি পদধারী নেতাদের মধ্যে সেনহাটীতে বিএনপি নেতা শেখ মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সরদার আব্দুল মালেক, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ বেনজীর আহমেদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রি এবং কয়রা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ ডিলারশিপ পেয়েছেন। এর পাশাপাশি স্বজনপ্রীতির উদাহরণ হিসেবে রূপসায় জেলা বিএনপির সদস্য আসাবুর রহমানের স্ত্রী ছাবিহা রহমান শিরিন, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহŸায়ক সাইফুল পাইকের কন্যা রুবাইয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রুনুর ভাতিজা মো. মাহফুজ শিকদারের নাম তালিকায় উঠে এসেছে।যশোরে ৯৭ জন ডিলারের মধ্যে ৯৩ জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের হওয়ায় এখানে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ পাওয়ার পথ কার্যত রুদ্ধ হয়ে গেছে। যশোরে চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন এবং ঝিকরগাছা থানা বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম সরাসরি ডিলার হয়েছেন। পারিবারিক কোটায় অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার বাবুলের স্ত্রী গুলশান নাহার, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের স্ত্রী জাকিয়া আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের স্ত্রী মোছা. নুরজাহান বেগম এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর ছেলে এ কে এম মনিরুল আলম সারের ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন।সাতক্ষীরায় ৮০ জন ডিলারের মধ্যে ৪১ জন বিএনপির, ৬ জন আওয়ামী লীগের এবং ৪ জন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। এখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে জেলা ছাত্রদলের সদস্যসচিব জে এম দুদায়েভ মাসুদ খান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক তৈয়েবুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহŸায়ক মোহাম্মাদ জাকির হোসেন এবং আশাশুনি উপজেলা তরুণ দলের সভাপতি নাভিদ নওরোজ ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া শ্যামনগর পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শামছুদোহা, আশাশুনি উপজেলা বিএনপির আহŸায়ক জহির রায়হানের স্ত্রী তাসনিম আক্তার এবং কালিগঞ্জে গত নির্বাচনে পরাজিত হওয়া বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজি আলাউদ্দীনের ভাই কাজি হোসেন উদ্দীন ডিলার হয়েছেন। ছাত্রসংগঠনের বর্তমান নেতাদের সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়াটা স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।ঝিনাইদহে ৬৪ জন ডিলারের মধ্যে ৪৮ জন বিএনপির, ৬ জন আওয়ামী লীগের এবং ১ জন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। এ জেলায় হরিণাকুÐু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজেল হোসেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মো. ইসরাইল হোসেন এবং হলিধানি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন ডিলার হয়েছেন। স্বজনদের তালিকায় রয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের আপন ভাই আব্দুল লতিফ এবং তার শ্যালকের স্ত্রী সুরমা হাসান। এ ছাড়া হরিণাকুÐু উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষকের স্ত্রী মোছাম্মদ আনোয়ার নাসরিনও ডিলারশিপ পেয়েছেন।মাগুরায় ৩৩ জনের মধ্যে ৩০ জনই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন। এখানে জেলা বিএনপির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সহসভাপতি মো. কাইজার হোসেন এবং সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মো. আশরাফুল ইসলাম ডিলার হয়েছেন। পারিবারিক তালিকায় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মহিদুল ইসলামের স্ত্রী মোছা. মনিরা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক এম এম রইচ উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী নাঈমা সুলতানা এবং জেলা কৃষক দলের সদস্যসচিব হিরার ভাই মোরশেদুল আলম ডিলারশিপ পেয়েছেন। অন্যদিকে নড়াইলে ১৭ জন ডিলারের মধ্যে ১৫ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাদের মধ্যে লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ও মোছা. জোহরা জামান তৃণা, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কালিয়া উপজেলা যুবদলের আহŸায়ক কামাল সিদ্দিক এবং লোহাগড়া উপজেলা কৃষক দলের আহŸায়ক মেজবাহ উদ্দিন পারভেজ রয়েছেন। স্বজনদের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেকের ছেলে মো. নাজমুল কবির এবং নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব এনামুল কবীর চন্দনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা ডিলার হয়েছেন।বাগেরহাটে ৩২ জন ডিলারের মধ্যে ২১ জন বিএনপির ও ৫ জন আওয়ামী লীগের। এখানে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের স্ত্রী সামিয়া নাসরিন মুন্নি, কচুয়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্নার স্ত্রী লিমা আক্তার এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনের স্ত্রী তানিয়া ইসলামের নামে ডিলারশিপ নেওয়া হয়েছে। এ ছাড়া মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশিদের দুই মেয়ে, বাগেরহাট জেলা কৃষক দলের আহŸায়ক আসফ উদ্দৌলা জুয়েল এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মেজ ভাই আ. গফফার ডিলারশিপ পেয়েছেন।কুষ্টিয়ায় ৩৩ জন ডিলারের মধ্যে ২৭ জন বিএনপির ও ১ জন আওয়ামী লীগের। এখানে কুমারখালী উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা পারভীন, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আশরাফুল আলম পরিবেশক হয়েছেন। স্বজনদের মধ্যে জেলা বিএনপির আহŸায়ক কুতুব উদ্দিন আহম্মেদের ছেলে আহাম্মদ হাসান আশরাফী অভিক, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের ভাই মো. ইমরান হোসাইন এবং কুমারখালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের স্ত্রী উম্মে সারমা পারভীন রুনা ডিলার হয়েছেন।চুয়াডাঙ্গায় ৪৫ জন ডিলারের মধ্যে ৪২ জন বিএনপির ও ৩ জন আওয়ামী লীগের। এখানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু ডিলারশিপ পেয়েছেন। স্বজনদের মধ্যে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের স্ত্রী মোছা. তাসরিন আক্তার, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী শারমীন আক্তার লিপি এবং দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন মোল্লার মেয়ে মোছা. ফারজানা ইয়াসমিন মেঘলা ডিলারশিপ পেয়েছেন। মেহেরপুরে ২০ জন ডিলারের মধ্যে ১৯ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এখানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এবং কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবদ্দিন ডিলার হয়েছেন। স্বজনদের মধ্যে পৌর বিএনপির সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সুর স্ত্রী মা রুমা খাতুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেনের স্ত্রী শান্তিয়ারা খাতুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফের ছেলে তানভির আহমেদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মহাম্মদের ভাই এনামুল হক ডিলারশিপ পেয়েছেন। তবে মেহেরপুরের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বুড়িপোতায়। সেখানে বিএনপি নেতা ফজলুর ছেলে মোহাম্মদ মামুন দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী হওয়া সত্তে¡ও তার নামে সারের ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে।সরকারি নীতিমালা অনুযায়ী, সারের ডিলার হতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হয়, নিজস্ব বা ভাড়াকৃত পর্যাপ্ত গুদামঘর থাকতে হয়, আর্থিক সচ্ছলতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয় এবং সশরীরে ব্যাবসা পরিচালনার সক্ষমতা থাকতে হয়। কিন্তু মেহেরপুরের কুয়েত প্রবাসী মোহাম্মদ মামুনের ডিলারশিপ পাওয়া কিংবা ছাত্রদলের বর্তমান পদধারী নেতাদের এবং গৃহিণীদের নামে লাইসেন্স ইস্যু হওয়ার ঘটনা প্রমাণ করে যে, নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালার শর্তগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি।স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ডিলার নিয়োগের সুপারিশ চ‚ড়ান্ত করা হয়। প্রশ্ন উঠেছে, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সরেজমিনে গুদামঘর ও ব্যবসায়িক সক্ষমতা যাচাই করার সময় এই অসংগতিগুলো কেন আমলে নেননি। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে স্ত্রী, সন্তান বা আত্মীয়দের নামে কাগজপত্র তৈরি করে জমা দিয়েছেন, যাতে সরাসরি তাদের নাম তালিকায় না আসে। আবার কোথাও কোথাও কোনো রাখঢাক না রেখেই পদধারী নেতারা নিজেরাই আবেদন করেছেন এবং অনুমোদন পেয়েছেন।সারের ডিলারশিপ কোনো সাধারণ ব্যাবসা নয়, এটি সরাসরি দেশের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকের জন্য সারের দাম নাগালের মধ্যে রাখে। ডিলারদের কাজ হলো বিসিআইসি বা বিএডিসির গুদাম থেকে নির্ধারিত মূল্যে সার উত্তোলন করে সরকারি দামে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু ডিলারশিপ যখন প্রকৃত ও পেশাদার সার ব্যবসায়ীদের হাতছাড়া হয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে চলে যায়, তখন এর নেতিবাচক প্রভাব সরাসরি কৃষকের ওপর পড়ে। অতীতের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক প্রভাবশালী ডিলারদের একটি বড় অংশ নিজেরা ব্যাবসা পরিচালনা না করে লাইসেন্সটি অন্য কোনো ব্যবসায়ীর কাছে সাব-লিজ বা ভাড়া দিয়ে দেন। মধ্যস্বত্বভোগীর এই দৌরাত্ম্যের কারণে সারের কৃত্রিম সংকট তৈরি হয় এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে কৃষকদের সার কিনতে বাধ্য করা হয়। এ ছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে এসব ডিলারের বিরুদ্ধে অনিয়ম বা কালোবাজারির অভিযোগ উঠলেও স্থানীয় প্রশাসন বা কৃষি কর্মকর্তারা অনেক সময় ব্যবস্থা নিতে সাহস পান না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়েও কর্মকর্তাদের রাজনৈতিক চাপের মুখে পড়ার নজির দেশে কম নয়। ফলে সারের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ-সুবিধা দলীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করার প্রবণতা দীর্ঘদিনের। বিগত দেড় দশক ধরে দেশের প্রায় প্রতিটি সেক্টরেই এই দলীয়করণের চরম রূপ দেখা গেছে। সাধারণ মানুষ এবং কৃষক সমাজ আশা করেছিল, পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রীয় নিয়োগ ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু খুলনা বিভাগের ১০ জেলার এই চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে। ৪৭২ জন ডিলারের মধ্যে ৪০৯ জনই যখন রাজনৈতিক পরিচয়ের বলে নিয়োগ পান, তখন সাধারণ ও অরাজনৈতিক ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্রটি সম্পূর্ণ সংকুচিত হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পুনর্বাসন করার মাধ্যম হিসেবে যদি সরকারি ডিলারশিপ বা ঠিকাদারি কাজকে ব্যবহার করা হয়, তবে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করে দেয়। এতে একদিকে যেমন প্রকৃত উদ্যোক্তারা নিরুৎসাহিত হন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভেতরেও আদর্শিক রাজনীতির বদলে লুটপাট ও সুযোগসন্ধানী প্রবণতা বৃদ্ধি পায়।খুলনা বিভাগের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন প্রবাসী কীভাবে সশরীরে উপস্থিত থেকে ডিলারশিপের শর্ত পূরণ করলেন, কিংবা একই পরিবারের একাধিক সদস্য কীভাবে ভিন্ন ভিন্ন নামে লাইসেন্স পেলেন, তার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদনশীলতা ধরে রাখতে হলে সারের সরবরাহ ব্যবস্থা নির্বিঘœ রাখা অপরিহার্য। আসন্ন বোরো ও আমন মৌসুমে কৃষকরা যাতে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকটের কবলে না পড়েন, সেজন্য এখনই কঠোর নজরদারি প্রয়োজন। যেসব ডিলার নীতিমালা লঙ্ঘন করে বা ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পেয়েছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের লাইসেন্স বাতিল করে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া না হলে, এর চড়া মূল্য দিতে হবে দেশের সাধারণ কৃষকদের। রাজনৈতিক পরিচয় নয়, বরং ব্যবসায়িক সততা ও সক্ষমতাই হওয়া উচিত সরকারি ডিলার নিয়োগের একমাত্র মানদÐ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর