মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মাকে মৃত দেখিয়ে সম্পত্তি দখলের চেষ্টা মণিরামপুরের দুই ভাইয়ের বিরুদ্ধে

মণিরামপুর অফিস / ৪৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরের মণিরামপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জীবিত এক নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ছেলেকে পিতার পরিচয় ও ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত জনু মোড়লের দুই ছেলে লিয়াকত ও আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী জাহেদা বেগম। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জনু মোড়লের তিন স্ত্রী ছিলেন। জীবদ্দশায় তিনি তার সম্পত্তির অংশ স্ত্রীদের নামে দিয়ে যান। তবে তার মৃত্যুর পর সম্পত্তির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, জনু মোড়লের মৃত্যুর পর তার স্ত্রী জাহেদা বেগম ও ছেলে তাইজেলকে বাড়ি থেকে বের করে দেন লিয়াকত ও আব্দুল লতিফ। একই সঙ্গে তাইজেলকে পিতার পরিচয় ও ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়।জাহেদা বেগমের অভিযোগ, তাকে শুধু বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি, ভোটার তালিকায়ও মৃত দেখানো হয়েছে। অন্যদিকে তার ছেলে তাইজেলকে জনু মোড়লের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি না দিয়ে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন লিয়াকত ও আব্দুল লতিফ।তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে তাইজেলের জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্র থাকা সত্তে¡ও তাকে ওয়ারিশ সনদ দেওয়া হচ্ছে না। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য রেজাউলের বিরুদ্ধে ওয়ারিশ সনদ না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।জাহেদা বেগমের দাবি, তিনি জনু মোড়লের বৈধ স্ত্রী এবং তাইজেল তাদের সন্তান। বিষয়টির সত্যতা যাচাই করতে আব্দুল লতিফের আপন শ্যালক কওসারের সঙ্গে কথা বলা হলে তিনি জাহেদা বেগমকে জনু মোড়লের স্ত্রী এবং তাইজেলকে তার ছেলে বলে স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এমন স্বীকারোক্তির পরও কেন জাহেদা বেগমকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে এবং তার ছেলেকে পিতার ওয়ারিশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ওয়ারিশ সনদ প্রদান এবং পৈতৃক সম্পত্তিতে আইনগত অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য রেজাউল, লিয়াকত ও আব্দুল লতিফ অভিযোগগুলো অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর