মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শীতের প্রভাবে কমছে দেশে বিদ্যুতের চাহিদা

কণ্ঠ ডেস্ক / ২৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শীতের প্রভাবে কমছে দেশে বিদ্যুতের চাহিদা। ইতিমধ্যে বিদ্যুতের চাহিদা দুই-তিন হাজার মেগাওয়াট কমে এসেছে। সামনের দিনগুলোতে ওই চাহিদা আরও কমবে। মূলত শীত মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদারও বড় একটি অংশ কমে আসে। এখনও শীত পুরোপুরি জেঁকে বসেনি। কিন্তু এরই মধ্যে ভোরের দিকে কোনো কোনো ঘণ্টায় বিদ্যুতের সরবরাহ ৯ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। অথচ এক মাস আগেও রাতের শেষভাগে ওই চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ কমে ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশিতে দাঁড়িয়েছে। অথচ গত এক মাস আগেও তা ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। শীত বাড়লে বিদ্যুতের চাহিদা আরও কমে আসবে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে বিদ্যুৎ চাহিদা কমার পেছনে শিল্প-কারখানায় উৎপাদন কমে যাওয়ার প্রভাবও থাকতে পারে বলেও সংশ্লিষ্ট অনেকের ধারণা। কারণ বর্তমানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহার কমেছে। আর গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের অসন্তোষের কারণে বেশকিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুৎ চাহিদায় তার প্রভাব পড়তে পারে। যদিও শিল্প-কারখানা বন্ধ থাকার কারণে বিদ্যুৎ চাহিদায় বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়। তবে শীতের আগমন এবং ফ্যান ও এসির ব্যবহার কমে যাওয়াই বিদ্যুৎ চাহিদা কমার প্রধান কারণ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, বিদ্যুতের চাহিদা কমে আসায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতিমধ্যে জ¦ালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে এনেছে। বতর্মানে দিনের বেলায় ওসব কেন্দ্রের এক-দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা ব্যবহার হচ্ছে। আবার মধ্যরাতে কিংবা রাতের শেষভাগে একেবারেই ব্যবহার হচ্ছে না। যদিও শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় জ¦ালানি তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। ফলে চাহিদা কমলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার বোঝা থেকে বিপিডিবির পুরোপুরি স্বস্তি মিলছে না।
বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় গ্রিডে গতকাল সকাল ৬টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। আগের দিন অর্থাৎ শনিবার ভোর ৫টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওইদিন বিকাল ৫টায় সরবরাহ হয় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট বিদ্যুৎ। বিপিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৭৭ ও সন্ধ্যায় সর্বোচ্চ ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট। কেন্দ্রগুলোয় বিদ্যুৎ উৎপাদনের পর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বে রয়েছে। ওই সংস্থার তথ্যানুযায়ী গত শনিবার মধ্যরাত ১টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ এক মাস আগেও একই সময়ে ছিল গড়ে ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।
সূত্র আরও জানায়, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ২৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি। চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। কিন্তু ওই সময়ও বিপিডিবিকে সক্ষমতার বড় একটি অংশ, ১২ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের বাইরে রাখতে হয়েছিল। আর শীত মৌসুমে চাহিদা আরও কমে গেলে মোট সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রই বসিয়ে রাখতে হবে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন না করলেও কেন্দ্রগুলোর বিপরীতে বিপিডিবিকে নিয়মিত ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া পরিশোধ করতে হয়। অর্থাৎ শীতের কারণে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও ওই খাতের ব্যয় একই অনুপাতে কমার সুযোগ নেই। বরং অব্যবহৃত সক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া পরিশোধের আর্থিক চাপ বহাল থাকবে।
এদিকে এ প্রসঙ্গে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বিদ্যুতের চাহিদা কমার পেছনে কুলিং লোড হ্রাসকে প্রধান কারণ। এসি ও ফ্যানের ব্যবহার কমার কারণে বিদ্যুতের চাহিদা কমেছে, তার বাইরে অন্য কিছু না। এরই মধ্যে ঢাকার বাইরে শীত মৌসুম শুরু হয়েছে। ফলে সারা দেশে ফ্যানের ব্যবহার কমে গেছে। বিদ্যুতের চাহিদা কমার এটাই বড় কারণ। আর চাহিদা কমে যাওয়ায় সাধারণত প্রথমেই জ¦ালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমানো হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে শীত মৌসুমে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় সেগুলো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এরই মধ্যে বড় তিনটি কেন্দ্রের তিনটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। আগামী ফেব্রæয়ারির মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্রও রক্ষণাবেক্ষণে যাবে। ফলে বড় সক্ষমতার কিছু ইউনিট গ্রিড থেকে সরিয়ে নিতে হলে চাহিদার ভারসাম্য বজায় রাখতে জ¦ালানি তেলভিত্তিক কেন্দ্র চালু রাখতেই হবে।
অন্যদিগকে এ প্রসঙ্গে বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম জানান, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণ মূলত গ্রামাঞ্চলে শীত শুরু হয়েছে। ফলে বিদ্যুৎ ব্যবহার কম হচ্ছে। বিশেষ করে ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও কমে গেছে। রাজধানীতেও শীতের মৌসুম শুরু না হতেই অনেকে এসি কিংবা ফ্যানের ব্যবহার কমিয়েছে। এটাও বিদ্যুৎ চাহিদা কমে যাওয়ার বড় কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর