শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

এতিম শিশুর ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চায় মা

আবু রায়হান, মণিরামপুর / ৭০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যশোরের মণিরামপুরে প্রয়াত স্বামীর রেখে যাওয়া প্রায় ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এক তরুণী। অভিযুক্ত তাঁরই শ্বশুর আব্দুল খালেক (৭০)। স্বামীর মৃত্যুর পর ১০ মাসের শিশু সন্তান লাবিবকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে লিমা খাতুনের (২০)। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় পাওনা অর্থ ফেরত ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগকারী লিমা খাতুন মণিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, কয়েক মাস আগে তাঁর স্বামী জাকারিয়া হোসেনের মৃত্যুর পর সন্তানের ভবিষ্যতের জন্য রেখে যাওয়া বিভিন্ন খাতের অর্থ বুঝে নিতে গিয়ে সমস্যায় পড়েন তিনি।

লিমার ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী জাকারিয়া হোসেনের বয়স ছিল ২৬ বছর। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তখন তাঁদের ছেলে লাবিবের বয়স ছিল মাত্র চার মাস।

লিমা অভিযোগ করেন, স্বামীর চাকরির সুবাদে আকিজ গ্রুপের ইনস্যুরেন্স থেকে পাওনা ২ লাখ ৫৪ হাজার টাকা, তুবা পাইপ নামের একটি প্রতিষ্ঠানে সন্তানের ভবিষ্যতের জন্য রাখা ১ লাখ টাকা এবং বন্ধক রাখা জমিসংক্রান্ত ১ লাখ ৫০ হাজার টাকা মিলিয়ে মোট ৫ লাখ ৪ হাজার টাকা তাঁর শ্বশুর আব্দুল খালেক আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে লিমা জানান, স্বামীর রেখে যাওয়া অর্থ তাঁর শিশুসন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থগুলো বুঝে না পাওয়ায় সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নিজের দাবির পক্ষে বিভিন্ন কাগজপত্রও দেখিয়েছেন বলে জানান লিমা।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে প্রতিবেদকের ভাষ্য। একই সঙ্গে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি নগদ অর্থের প্রলোভন দেখিয়েছেন এবং দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিবেদক।

একটি শিশুর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া অর্থ নিয়ে এমন অভিযোগ স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে অভিযোগের সত্যতা, অর্থের প্রকৃত মালিকানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

এখন প্রশ্ন—লাবিবের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে? অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লিমা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর