শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার বেশি মূল্যের মাদক আটক

নিজস্ব প্রতিবেদক / ৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়নের অভিযানে গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১৫৫ জন আসামিসহ সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বাংলাদেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯.৩৪৯ কে.জি. স্বর্ণ, ০৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪.২৫ কে.জি. ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি ও ৬ রাউন্ড গুলি। এ ছাড়া ৩,১৯২ বোতল বিদেশি মদ, ২.৪২৮ কে.জি. হেরোইন, ২০৭.৬১ কে.জি. গাঁজা, ৭৭,৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১,৫৭৮ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কে.জি. ক্রিস্টাল মেথ (আইস), ২২,৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এ সময় ১৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪.২৫ কে.জি. ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি, ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, ৯,২৫০ কে.জি. সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১.৬০৮ কে.জি. গাঁজা .০১২ কে.জি. হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার ১,৩০,৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
এদিকে দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে গত ১৮ নভেম্বর মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেঁতুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে বস্তুগুলো ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
যশোর রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছেন। একই সঙ্গে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের ঘোষিত ভিশন ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি মনে করে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে এককভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এজন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সীমান্ত সুরক্ষা কার্যক্রমে সাংবাদিক সমাজের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা বিজিবিকে অনুপ্রাণিত করে। ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’ এই প্রত্যয়ে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বদা নিবেদিত এবং অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর