বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’

প্রতিবেদকের নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ৩৪ বছরের অভিনয়জীবন। এই দীর্ঘ পথচলায় যেমন পেয়েছেন দর্শকের ভালোবাসা, তেমনি সামলাতে হয়েছে নানা সমালোচনা ও ট্রোলিং। তবে নেতিবাচক মন্তব্যকে কখনোই নিজের কাজের পথে বাধা হতে দেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর স্পষ্ট কথা, এত বছর ধরে নিজের পরিশ্রমে যা গড়ে তুলেছেন, তা কারও কথায় নষ্ট হতে পারে না।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ট্রোলিংয়ের বিষয়ে ঋতুপর্ণা বলেন, আগে গঠনমূলক সমালোচনা হতো। কিন্তু এখন অনেক ক্ষেত্রে সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং ও চরিত্র নিয়ে কটূক্তি করা হচ্ছে। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে মিম তৈরি করা আর কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা এক বিষয় নয়।

অভিনেত্রীর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যম যেমন শক্তিশালী, তেমনি ক্ষতিকরও। তাই এর ব্যবহারে একটি সীমারেখা থাকা জরুরি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার কারও নেই বলেও মনে করেন তিনি।

দীর্ঘ ৩৪ বছরের ক্যারিয়ার নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ঋতুপর্ণা বলেন, এখনো একই নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। নতুন বিষয়, জীবনের ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্র নিয়ে কাজ করার আগ্রহও আগের মতোই রয়েছে।

তিনি বলেন, ‘এত বছর ধরে আমি যেটা গড়ে তুলেছি, কে কী কথা বলল, তাতে সেটা নষ্ট হতে পারে না। কেউ ঘৃণা করুক কিংবা উপেক্ষা করুক, তাতে কিছু করার নেই। তবে অবশ্যই চাইব, তাঁরাও আমাকে ভালোবাসুক।’

কী তাঁকে এত বছর ধরে কাজের অনুপ্রেরণা জোগায়, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জীবনই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাঁর মতে, জীবন অত্যন্ত মূল্যবান। যতক্ষণ বেঁচে থাকা যায়, ততক্ষণ জীবনকে উদ্‌যাপন করা উচিত। অভিনয় তাঁর প্রথম ভালোবাসা, আর এখনো অনেক গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরার ইচ্ছা রয়েছে।

নিজের ভবিষ্যৎ কাজের প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, প্রথম নারী পরিচালকের গল্প নিয়ে ‘ফাতিমা’ নামের একটি কাজ করছেন তিনি। পাশাপাশি মুম্বাইয়েও কয়েকটি প্রকল্প নিয়ে ব্যস্ততা রয়েছে। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আরও কিছু স্মরণীয় চরিত্র রেখে যেতে চান এই অভিনেত্রী।

টালিউডের পরবর্তী ঋতুপর্ণা সেনগুপ্ত কে হতে পারেন, এমন প্রশ্নে তিনি বলেন, সেটি ঠিক করবে টালিউডই। নতুন প্রজন্মের অভিনেতাদের প্রশংসা করে তাঁর আশা, একের পর এক ভালো ও সফল সিনেমা তাঁদের দর্শকের মনে বিশেষ জায়গা করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর