বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

হারিয়ে যাচ্ছে পিসি রায়ের স্মৃতি, জন্মভিটা সংরক্ষণের দাবি

কণ্ঠ প্রতিবেদক / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা খুলনার পাইকগাছার রাড়ুলী কাটিপাড়ায়। অথচ বিজ্ঞানচর্চা ও রসায়নশাস্ত্রে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা এই মনীষীর স্মৃতিবিজড়িত বাড়িটি বছরের পর বছর অবহেলা ও অযত্নে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ছাদ ঝুঁকিপূর্ণ, দেয়ালে ফাটল, কোথাও ভেঙে পড়েছে স্থাপনার অংশ। এভাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মারক।এমন পরিস্থিতিতে জন্মভিটাটি যথাযথভাবে সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর, গবেষণাপ্রতিষ্ঠান ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন ব্যক্তিরা। ইতোমধ্যে এলাকাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো ও গবেষণার সুযোগ তৈরি করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি নতুন প্রজন্মকেও বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা সম্ভব। খুলনার পাইকগাছা উপজেলার সবুজে ঘেরা রাড়ুলী কাটিপাড়া। এখানেই জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ১৮৯৬ সালে মারকিউরাস নাইট্রাইট আবিষ্কারের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। ভারতীয় রসায়নশিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বিজ্ঞানী।স্থানীয়দের দাবি, প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত বাড়ি ও জমি যথাযথভাবে সংরক্ষণ করে তার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। সেটি হতে পারে স্মৃতি জাদুঘর, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গবেষণাকেন্দ্র।স্থানীয় বাসিন্দা রুহুল আমীন বলেন, ওই বাড়ি ও জমিকে কেন্দ্র করে সরকার উদ্যোগ নিলে বিষয়টির সমাধান করে তার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সেটি স্মৃতি জাদুঘর কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে। এমন মানুষকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। কারণ, মানুষ হিসেবে তিনি শুধু খুলনা বা বাংলার নন, ভারতেরও নন; তিনি একজন বিশ্বমানব।প্রতি বছর প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে তার স্মৃতিবিজড়িত বাড়িতে জড়ো হন শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীরা। তবে তার কর্ম, গবেষণা ও আবিষ্কার সম্পর্কে জানার এবং সেগুলো নিয়ে চর্চার পর্যাপ্ত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।শিক্ষার্থী মো. আফসান ফ্রাহিম বলেন, এলাকার ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞানের প্রতি যে অনাগ্রহ দেখা যাচ্ছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা কাটিয়ে উঠে তারা নতুনভাবে বিজ্ঞানচর্চায় অবদান রাখতে পারবে।নাদিরা আক্তার বলেন, তার জন্মভূমিতে তার আবিষ্কারগুলো নিয়ে গবেষণার জন্য একটি গবেষণাকেন্দ্র গড়ে তোলা অবশ্যই প্রয়োজন।স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ মনে করেন, প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভূমিকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জগদ্বিখ্যাত একজন বিজ্ঞানীর জন্মস্থান এটি। জায়গাটি উপকূলীয় অঞ্চলে, পাশেই সুন্দরবন। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে এই স্থানকে কেন্দ্র করে একটি সুন্দর পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। আমি মনে করি, এ পর্যটনকেন্দ্র সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইতোমধ্যে প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত এলাকাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এসেছে। সেখানে গবেষণাগার ও পর্যটনসুবিধা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। তিনি বলেন, তাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারলে অবশ্যই এখানে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে। এ জন্য কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। ঐতিহাসিক স্থাপনাটির বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কি না, সে বিষয়ে আমরা সরকারকে জানাব।প্রফুল্ল চন্দ্র রায়ের বাবা হরিশ চন্দ্র রায় ছিলেন শিক্ষানুরাগী জমিদার। বাবার প্রতিষ্ঠিত স্কুলেই শুরু হয় তার শিক্ষাজীবন। পরে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। বিজ্ঞানচর্চা, গবেষণা ও শিল্পোন্নয়নে অসামান্য অবদানের জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আজও উপমহাদেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. রবিউল আলম রনি বলেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পৈতৃক ভিটা খুলনার পাইকগাছা উপজেলায় অবস্থিত। নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ভবনটি ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে নির্মিত হওয়ায় বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসেও এর গুরুত্ব রয়েছে।তিনি বলেন, পৈতৃক ভিটাটি সংরক্ষণের জন্য প্রথমেই এর আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে স্থানটিকে তালিকাভুক্ত করতে হবে। এরপর সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমানে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই আগের অবস্থায় ফিরিয়ে নিতে ইতিহাসবিদ, স্থপতি ও প্রত্নতাত্ত্বিকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করে তাঁদের মতামতের ভিত্তিতে সংস্কারকাজ করতে হবে।রবিউল আলম রনি আরও বলেন, বাড়িটিকে পর্যটনকেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে এটিও স্থান পাবে। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, যশোরের মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কিংবা খুলনার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির মতো আকর্ষণীয় স্থান হিসেবে এটিকে উপস্থাপন করা সম্ভব। এতে এ অঞ্চলে নতুন একটি পর্যটনপথ গড়ে উঠবে, যেখানে পাইকগাছার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িটিও অন্তর্ভুক্ত করা যেতে পারে।তার মতে, এখানে একটি গবেষণাগার ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন রসায়নবিদ। তাই তার জন্মভিটায় একটি বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাবে। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বই পড়ার জন্য একটি গ্রন্থাগার গড়ে তোলা যেতে পারে। শিক্ষার্থীরা সেখান থেকে বই নিয়ে বাড়িতেও পড়তে পারবে।এ ছাড়া ছোট পরিসরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা যেতে পারে। সেখানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ব্যবহৃত সামগ্রী, বই, চিঠি ও তার জীবন-গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা সম্ভব। পাশাপাশি খুলনা ও সুন্দরবন অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যও সেখানে তুলে ধরা যেতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে স্থানটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও পর্যটনকেন্দ্রে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যোগাযোগব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। পাইকগাছা তুলনামূলক দুর্গম অঞ্চল হওয়ায় সেখানকার সড়ক সংস্কার ও মেরামত জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা কিংবা কুঠিবাড়ি যেভাবে সংরক্ষণ করা হয়েছে, একই পদ্ধতি অনুসরণ করে প্রফুল্ল চন্দ্র রায়ের পৈতৃক ভিটাও সংরক্ষণ করা যেতে পারে। এতে স্থানটি শুধু বাংলাদেশের নয়, পুরো ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।রবিউল আলম রনি বলেন, বাংলাদেশ সরকার, স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পৈতৃক ভিটাকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র, গবেষণাগার ও জাদুঘর হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। এটি এ অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের প্রাণের দাবি। গুণী মানুষের কদর না করলে সেখানে গুণী মানুষের জন্ম হয় না। পিসি রায় আমাদের গর্ব। তার জন্মভিটা বিশ্বের সামনে তুলে ধরতে দ্রুত সংস্কার করা প্রয়োজন।স্থানীয় বাসিন্দা অমিত দেবনাথ বলেন, এখানে দুই পাশে দুটি স্কুল ও কলেজ রয়েছে। তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও আছে। জায়গাটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে।বিজ্ঞানীর বাড়ি দেখতে আসা দর্শনার্থী মোনতাহিমা বলেন, বিজ্ঞানীর বাড়ি দেখতে এসেছি, ভালো লাগল। কিন্তু ভেতরের অবস্থা ভাঙাচোরা। দ্রুত সংস্কার করা দরকার।আরেক দর্শনার্থী লিমা বলেন, এত বড় বিজ্ঞানীর বাড়ি জরাজীর্ণ দেখে খারাপ লাগে। দ্রুত সংস্কার করা হলে এটি দেশের জন্য গর্বের বিষয় হবে।৯ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এফ এম অজিয়ার রহমান বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি বিদেশিদের লাগেজ নিজে বহন করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। তার চরিত্র ছিল অসাধারণ। এমন মহান মানুষের বাড়ি অবহেলায় পড়ে থাকা উচিত নয়।পিসি রায়ের বাড়ির তত্ত্বাবধায়ক তপন কুমার দত্ত বলেন, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসেন। সবাই প্রশ্ন করেন, এত বড় মনীষীর বাড়ি কেন এমন অবস্থায় পড়ে আছে? কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বড় বাজেট ছাড়া এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়।কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল বলেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু রাড়ুলীর বাসিন্দা নন, তিনি গোটা দক্ষিণাঞ্চলের সম্পদ, বাংলাদেশের সম্পদ, উপমহাদেশের সম্পদ। তার জন্মভূমি সংরক্ষণ করে গবেষণা ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি আমাদের দীর্ঘদিনের। আমরা চাই, তার জন্মভূমি যথাযথভাবে সংরক্ষণ করা হোক। তার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করার জন্য এখানে একটি গবেষণা ও পর্যটনকেন্দ্র গড়ে তুলতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর