শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি দোলনের ৭ দিনের রিমান্ড

মোমিনুর রহমান / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দোলনের সাত দিন এবং অপর দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর পৃথক তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাবেক সংসদ সদস্য দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, সাবেক সচিব মিজানুর রহমানকে ধানমন্ডি এবং অভিনেতা আরিফ মাহমুদ তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার তিনজন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্তের স্বার্থে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থের উৎস অনুসন্ধান এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর