বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কালীগঞ্জে প্রতাপ মন্ডলের মৃত্যু নিয়ে রহস্য

​নিজস্ব প্রতিবেদক.ঝিনাইদহ / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরীহুদা গ্রামে গরু ব্যবসায়ী প্রতাপ মন্ডলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য, পরস্পরবিরোধী বক্তব্য ও আইনি তৎপরতায় নতুন মাত্রা যোগ হয়েছে। শুরুতে ঘটনাটি ‘অপমৃত্যু’ হিসেবে দেখার অভিযোগ উঠলেও ময়নাতদন্ত প্রতিবেদনে নাক-কান দিয়ে রক্তক্ষরণ ও শরীরে আঘাতের চিহ্ন, প্রায় এক বছর পর মোবাইল ফোন উদ্ধার এবং আদালতে বাদী পক্ষের জোরালো দাবির প্রেক্ষিতে বিষয়টি এখন ব্যাপক আলোচনায়। ​আদালত ও অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর (২৭ অগ্রহায়ণ) রাতে কালীগঞ্জ উপজেলার তেঘরীহুদা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী উর্মি শিকদার (২২) জানান, তাঁর স্বামী প্রতাপ মন্ডল পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে গরু ব্যবসার উদ্দেশ্যে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। অভিযোগ অনুযায়ী, ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী শ্রাবণী বিশ্বাসের (২৫) বসতঘরে ডেকে নেওয়া হয় প্রতাপকে।বাদীর নালিশি দরখাস্তে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে টাকা হাতানোর উদ্দেশ্যে সেখানে ওৎ পেতে থাকা অভিযুক্তরা প্রতাপ মন্ডলকে ঘিরে ধরেন। অভিযোগে আরও বলা হয়, ২ নম্বর অভিযুক্ত ডা. মিলন বিশ্বাস (৪০) টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়; একপর্যায়ে ৪ নম্বর অভিযুক্ত রবিউল ইসলামের (২৮) নির্দেশে মিলন বিশ্বাস ধাক্কা দিয়ে প্রতাপকে মেঝেতে ফেলে দেন। এরপর রবিউল ইসলাম পায়ের ওপর বসে হাত চেপে ধরেন, শ্রাবণী বিশ্বাস চুলের মুঠি ধরেন এবং ৩ নম্বর অভিযুক্ত শ্রীনাথ বিশ্বাস (৩৫) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন বলে নালিশে দাবি করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি আত্মহত্যা বলে সাজাতে মৃতদেহ শ্রীনাথ বিশ্বাসের বাড়ির পেছনের একটি আমগাছের ডালে মাফলার দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ তোলা হয়েছে। তবে স্নান করানোর সময় স্বাক্ষী ও এলাকাবাসী গলা ও শরীরের বিভিন্ন স্থানে কালো, ফোলা ও রক্তজমাট আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন সংশ্লিষ্টরা।​অভিযুক্তদের একজন শ্রাবণী বিশ্বাসের দাবি, ঘটনার দিন প্রতাপ ঘরের পেছনের জানালা দিয়ে কয়েকবার এসেছিলেন, কথা কাটাকাটির পর চলে যান এবং সকালে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর শোনেন। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য ও পারিপার্শ্বিক আলামতের অমিল রয়েছে বলে দাবি বাদী পক্ষের। ময়নাতদন্ত প্রতিবেদনে নাক-কান দিয়ে রক্তক্ষরণ ও শরীরে আঘাতের চিহ্নের কথা উল্লেখ থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ​ঘটনার প্রায় এক বছর পর কালীগঞ্জ থানা থেকে একটি বাটন ফোন ও একটি টাচ ফোন উদ্ধার করা হয়। বাদী পক্ষের অভিযোগ, টাচ ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও লগইন নষ্ট অবস্থায় পাওয়া গেলেও বাটন ফোন চালু করে ঘটনার দিন প্রতাপের সঙ্গে প্রেমিকা শ্রাবণীর কয়েকবার দীর্ঘসময় কথা বলার তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তাক হোসেন জানান, মৃতদেহের পাশ থেকে দুটি ফোন ও ৫৪০ টাকা পাওয়া গিয়েছিল এবং অকেজো অবস্থায় থাকা টাচ ফোনটি তিনি মেরামত করেছিলেন।​নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করতে চাইলেও তৎকালীন ওসি মো. জেল্লাল হোসেন নিয়মিত মামলা না নিয়ে পরবর্তীতে অপমৃত্যু মামলা (নম্বর-৬৫/২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নথিভুক্ত) নেন। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ ও প্রশ্ন রয়েছে। অন্যদিকে, ২ নম্বর অভিযুক্ত ডা. মিলনের বিরুদ্ধে পরিবার ও স্থানীয়দের একাংশের অভিযোগ, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করা ও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় তিনি প্রভাব খাটিয়েছিলেন। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি।​ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে নিহতের স্ত্রী উর্মি শিকদার ফৌজদারি কার্যবিধির ১৫৬(৩) ধারায় দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে কালীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন (মামলা নং: কালীগঞ্জ সি আর ৭৫০/২৬)। ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) সব্যসাথীর আদালতে বিষয়টি উঠলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আশরাফুল আলম মালিতা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে মামলাটি সিআইডির (CID) কাছে হস্তান্তরের জোরালো দাবি তুলে ধরেন।​এদিকে, নিহত প্রতাপ মন্ডলের বাবা প্রেমকুমার গণমাধ্যমকে বলেন, “আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় স্থানীয়ভাবে ও নানাভাবে চাপে ছিলাম। আমাকে দিয়ে আদালতে এমন একটি বক্তব্য নেওয়া হয়েছিল, যেখানে আমার কোনো দায়-দাবি নেই বলে উল্লেখ ছিল। প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমি ময়নাতদন্ত রিপোর্ট, মোবাইল ফোন ও থানায় মামলা না নেওয়ার বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার চাই।”তিনি আরো বলেন,হোমিওপ্যাথিক ডাঃ মিলন বিশ্বাস মাগুরার আওয়ামী লীগের এমপি বিরেন শিকদারের ডান হাত সে-ই সব কিছু ম্যানেজ করে বিষয় টি ধামাচাপা দিয়েছিল। ​সব মিলিয়ে আঘাতের চিহ্ন, উদ্ধারকৃত ফোনের তথ্য, অপমৃত্যু বনাম হত্যা মামলার বিতর্ক এবং পরস্পরবিরোধী বক্তব্যে মামলাটি এখন সংবেদনশীল রূপ নিয়েছে। তেঘরীহুদা গ্রামসহ এলাকাবাসীর প্রত্যাশা—নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এবং দোষীরা আইনের আওতায় আসুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর