শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

আশাশুনিতে একটানা বৃষ্টিপাতে আমন ধানের ক্ষতির আশঙ্কা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আশাশুনি উপজেলায় একটানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে (গোড়া দেওয়া) রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধানে অঙ্কুরোদ্গম, পচন ও ধান ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কাটা ধানের কিছু অংশ জমিতে গোড়াসহ কেটে শুকানোর জন্য রাখা হয়েছে। অনেকে মেঘ দেখে ধান উঠিয়ে নিলেও কোন কোন চাষি সবধান তুলতে সক্ষম হননি। বুধবার দিবাগত রাত থেকে হঠাৎ একটানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে মাঠে পড়ে থাকা কাটা ধান শুকানো সম্ভব হচ্ছে না। উপরন্ত বৃষ্টির পানিতে ভিজে ধানের শিষ ও গোছা স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধানের শীষ জলমগ্ন হয়ে পড়ছে। এভাবে দীর্ঘসময় ভিজে বা ডুবে থাকলে ধানে অঙ্কুর বের হওয়া, পচন ধরা এবং শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদিত ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।
কৃষকদের সঙ্গে কথা বললে নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত বৃষ্টি বন্ধ না হলে মাঠে কেটে রাখা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমে আমন ধানের একটি অংশ নষ্ট হতে পারে। তাই আবহাওয়ার উন্নতি ও দ্রুত ধান ঘরে তোলার অনুকূল পরিবেশ কামনা করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বলেন, বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জেনেছি চাষীরা যারা ধান কেটেছেন তাদের প্রায় সবাই তাদের কাটাধান বাড়িতে উঠিয়ে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর