চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৫০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে। তিনি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নেতা হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার ও প‚র্ব শত্রুতার জের ধরে শাহিনুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত সাইফুল্লাহ, সুজাউল ও ফারুক হোসেনসহ একদল দুর্বৃত্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তার মাথায় প্রচÐ আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। ঘটনার পর তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে শাহিনুর রহমানের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।










