বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

পঞ্চগড়ে জমে উঠেছে জলপাই হাট : দৈনিক বেচাকেনা অর্ধ কোটি টাকা

কণ্ঠ ডেস্ক / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দেবীগঞ্জে জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি হাট। অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই হাটে প্রতিদিন ২শ’ থেকে ৩শ’ টন পর্যন্ত জলপাই কেনাবেচা হচ্ছে। যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে জলপাই নিয়ে আসছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরে এসব জলপাই যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।কৃষকদের ন্যায্য দাম নিশ্চিতে জলপাই সংরক্ষণের আধুনিক ব্যবস্থা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারুতলা এলাকার এই হাটে প্রতিদিন সকাল থেকে শুরু হয় জলপাইয়ের বেচাকেনা। ক্রেতা-বিক্রেতার পদচারণায় দিনভর মুখর থাকে পুরোবাজার। ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে কৃষক ও ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন হাটে।হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় স্তূপ করে রাখা হয়েছে জলপাই। কোথাও চলছে ওজন, কোথাও আকার ও মান অনুযায়ী বাছাই। এরপর পরিষ্কার করে বস্তাবন্দি করা হচ্ছে। এসব কাজে পুরুষ শ্রমিকের পাশাপাশি যুক্ত রয়েছেন নারী শ্রমিকরাও। জলপাই বিক্রি করে বাড়তি আয় করছেন স্থানীয় কৃষকরা। আবার অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মৌসুমি এই ব্যবসাই হয়ে উঠেছে আয়ের অন্যতম উৎস।শরিফুল নামে এক কৃষক বলেন, আগে গাছেই পেকে নষ্ট হতো জলপাই। এখন এই হাট হওয়ার পর থেকে খুব সহজেই বিক্রি করা যায়। ফলন ভালো হলে, ভালো দামও পাওয়া যায়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের গাছ থেকে জলপাই সংগ্রহ করে তারা হাটে নিয়ে আসেন। পরে তা বিক্রি করেন পাইকারদের কাছে। আকার ও মানভেদে প্রতি কেজি জলপাই ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।ক্ষুদ্র ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, এই জলপাই হাট চালু হওয়ার পর থেকে প্রতিবছর এই মৌসুমে জলপাই ব্যবসা করি। গাছে যখন ফুল আসে তখনই আমরা বিভিন্ন গ্রামে ঘুরে গৃহস্থের গাছ কিনে নেই। ফল পরিপক্ব হলে সেগুলো হাটে এনে বিক্রি করি। এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসছেন এই হাটে। প্রাণ, স্টার লাইন, বিডি ফুডসহ বিভিন্ন কোম্পানির জন্যও এখান থেকে জলপাই সংগ্রহ করা হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জলপাই সংগ্রহ, বাছাই ও পাইকারি বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই হাটের আড়তদাররা।মশিউর রহমান নামে এক আড়তদার বলেন, প্রতিদিন ৪ থেকে ৫ লক্ষ টাকার জলপাই কেনাবেচা হয় এখানে। বিভিন্ন ফুড প্রসেস কোম্পানির লোকজন সরাসরি এখান থেকে জলপাই সংগ্রহ করেন।ফেনী থেকে আসা মেরাজ হোসাইন নামের এক পাইকারি ক্রেতা বলেন, আমি স্টারলাইন গ্রুপের পার্সেস ম্যানেজার। কোম্পানির হয়ে জলপাই কিনতে আসছি এখানে। এসব জলপাই দিয়ে আচার, চাটনি তৈরি করে দেশের বাজারসহ বিদেশে রপ্তানি করা হয়।হাট ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই হাট চলে। জলপাই সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় নির্দিষ্ট মৌসুমের মধ্যেই হাটের কার্যক্রম শেষ করতে হয়। সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে দীর্ঘ সময় জলপাই সংরক্ষণ করা সম্ভব হবে। এতে হাটের পরিধি বাড়ার পাশাপাশি কৃষকরাও উৎপাদিত জলপাই ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবেন।দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই হাটে আসছেন। জলপাইয়ের এই হাট কৃষক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা জানান, হাটের পরিধি বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর