বাংলাদেশ || ০৫ ফেব্রুয়ারি ২০২৬

অবস্থা আশঙ্কাজনক

মণিরামপুরে মেহগনি বাগান থেকে অজ্ঞাত যুবক উদ্ধার

মণিরামপুরে মেহগনি বাগান থেকে অজ্ঞাত যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

​যশোরের মণিরামপুর উপজেলায় অচেতন অবস্থায় এক অজ্ঞাত পরিচয় (২৫) যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারী)  সকালে গোয়ালবাড়ি গ্রামের ঢালী ইটভাটা সংলগ্ন রাস্তার পাশের একটি মেহগনি বাগানে ওই যুবককে পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন। যুবকের পরনে কী ছিল বা তার সাথে কোনো পরিচয়পত্র ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জনাকীর্ণ এলাকায় এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা সেখানে ভিড় জমালেও কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। স্থানীয়দের ধারণা, তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে অথবা তিনি কোনো 'অজ্ঞান পার্টি'র খপ্পরে পড়েছেন। উদ্ধারের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা খুবই নাজুক। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।