বাংলাদেশ || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সওয়াবের আশায় দান, সুযোগের আশায় ভিক্ষা

বাস্তবতার মুখোমুখি গোয়ালখালী কবরস্থান

বাস্তবতার মুখোমুখি গোয়ালখালী কবরস্থান

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মেহেদী হাসান,খুলনা
পবিত্র শবে বরাত—ক্ষমা প্রার্থনা আর দান-সদকার এক মহিমান্বিত রাত।
কিন্তু খুলনার গোয়ালখালী কবরস্থানের সামনে আজ এই পবিত্র রাতের দৃশ্য যেন অন্য এক বাস্তবতার গল্প বলছে।
হাজারও ভিক্ষুকের জটলা… কেউ শিশু কোলে, কেউ বৃদ্ধ শরীরে ভর দিয়ে দাঁড়িয়ে দানের আশায়।

প্রতি বছর শবে বরাত এলেই খুলনায় হঠাৎ বেড়ে যায় মৌসুমী ভিক্ষুকের সংখ্যা।
স্থানীয়দের ভাষায়—এরা সারা বছর দেখা না গেলেও ধর্মীয় রাতগুলোতেই হাজির হয় দল বেঁধে।

অনেকে বিশ্বাস করেন—এই রাতে দান করলে বেশি সওয়াব।
আর সেই বিশ্বাসকেই পুঁজি করে গড়ে উঠেছে এক ধরনের ‘মৌসুমী ভিক্ষাবৃত্তি’।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
২০১৬ সালের ১ আগস্ট থেকে প্রথমবারের মতো খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
খুলনা মহানগরসহ জেলার নয়টি উপজেলায় তখন ৩ হাজার ৫৯৫ জন ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়।
পরবর্তীতে তিন ধাপে তাদের মধ্যে প্রায় ৪০ লাখ টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।

কেউ সত্যিই অসহায়…
আবার কেউ সুযোগের অপেক্ষায়। এই ভিড়ের ভেতরে মিশে আছে বাস্তব দারিদ্র্য আর পরিকল্পিত ভিক্ষাবৃত্তির অদ্ভুত মেলবন্ধন।

পবিত্র শবে বরাত আমাদের শেখায় সহমর্মিতা আর মানবিকতা। কিন্তু সেই মানবিকতার সুযোগ যদি ব্যবসায় রূপ নেয়—তবে প্রশ্ন থেকেই যায়, এই ভিক্ষুকের ঢল কি অভাবের ফল, না কি সুযোগের?