দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে যশোরের মনিরামপুর পৌরসভা বিএনপি ও ৪টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো:মনিরামপুর পৌর বিএনপি, ৩নং ভোজগাতি ইউনিয়ন বিএনপি,৫নং হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি,১২নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপি,১৭নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রশিদ আহমেদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, এর আগে সংশ্লিষ্ট কমিটিগুলোকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে চরম ব্যর্থতা পরিলক্ষিত হওয়ায় জেলা বিএনপি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় যেকোনো আপসহীন অবস্থানে তারা অটল থাকবেন। শিগগিরই এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।











