বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

জনবল সংকটে অচল ৮ কোটি টাকার পিসিআর ল্যাব

মোমিনুর রহমান / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ঝুঁকিতে ৩০০ কোটি চিংড়ি রেণু ও ৫৫ হাজার ঘের

চিংড়ির রেণুতে ভাইরাস ও রোগজীবাণু শনাক্ত এবং গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি অত্যাধুনিক পিসিআর ল্যাবরেটরি জনবলের অভাবে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ নিয়োগ না হওয়ায় বিশ^মানের এই স্থাপনা দুটি থেকে কোনো সুফল পাচ্ছেন না প্রান্তিক চিংড়ি চাষিরা। ফলে ঘেরে পোনা ছাড়ার আগে বৈজ্ঞানিক পরীক্ষার সুযোগ না পেয়ে চাষিরা বাধ্য হয়ে বাজার থেকে খালি চোখে দেখে রেণু কিনছেন। এতে ভাইরাস ও রোগাক্রান্ত পোনার মাধ্যমে একের পর এক ঘেরে মড়ক দেখা দিচ্ছে। কোটি কোটি টাকার চিংড়ি নষ্ট হয়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে রয়েছেন জেলার হাজার হাজার চাষি।জেলা মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের স্বার্থ সুরক্ষায় ২০২৪ সালের ২১ নভেম্বর সাতক্ষীরার এল্লারচরে অবস্থিত চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। পরিকল্পনা ছিল, ঘেরে পোনা ছাড়ার আগেই এসব ল্যাবে রোগজীবাণু ও মান পরীক্ষা করা হবে। কিন্তু স্থাপনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনিক জটিলতা ও জনবল নিয়োগ না হওয়ায় ল্যাব দুটি আজও চালু করা সম্ভব হয়নি। বর্তমানে ল্যাবের মূল্যবান বৈজ্ঞানিক সরঞ্জাম ও রাসায়নিক উপকরণ প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকায় সেগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের অন্যতম প্রধান বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা সাতক্ষীরায় প্রায় ৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ হয়। প্রতি মৌসুমে এসব ঘেরে ৩০০ কোটিরও বেশি রেণু পোনা ছাড়া হয়। বিশাল এই উৎপাদন ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন হাজার হাজার চাষি, শ্রমিক, পোনা ব্যবসায়ী ও রপ্তানিকারক। কিন্তু আধুনিক পরীক্ষাগারের সেবা না পাওয়ায় চাষিরা ঝুঁকি নিয়েই অপরীক্ষিত পোনা ঘেরে ছাড়ছেন। ফলে ঘেরে মড়ক লেগে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন, আবার কেউ কেউ চিংড়ি চাষ ছেড়ে সাদা মাছ কিংবা ধান চাষের দিকে ঝুঁকছেন। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী চিংড়ি শিল্পের উৎপাদনভিত্তি সংকুচিত হয়ে পড়ছে।এ বিষয়ে সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই খামারটি স্থানীয় মৎস্য অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছে। ২০২৪ সালের ২১ নভেম্বর এখানে দুটি অত্যাধুনিক পিসিআর ল্যাব স্থাপন করা হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। মূল্যবান যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকায় তাঁরাও উদ্বিগ্ন।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এল্লারচরে বিশ^মানের ল্যাব স্থাপন করা হলেও তা পরিচালনার জন্য মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর ও সহায়ক কর্মীসহ কোনো পদেই এখনও জনবল নিয়োগ দেওয়া হয়নি। জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। জনবল সংকটের কারণেই আধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে রয়েছে।
চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, ‘সাদা সোনা’ খ্যাত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়িশিল্পকে বাঁচিয়ে রাখতে রেণুর ভাইরাস পরীক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। রোগমুক্ত ও মানসম্মত পোনা নিশ্চিত করা না গেলে চাষিরা বারবার লোকসানের মুখে পড়বেন এবং চিংড়ি খাত আরও বড় বিপর্যয়ে পড়বে।
স্থানীয় চাষি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দ্রæত ল্যাব দুটিতে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও উপক‚লীয় অর্থনীতির চাকা সচল রাখতে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ল্যাব দুটি দ্রæত চালু করার কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর