বাংলাদেশ || ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বি এন পি নেতাসহ ২ প্রার্থীর প্রতিনিধির দণ্ড

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধিমালা ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট ৫৭,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
​আদালত সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলা পরিষদের সামনে বিজিবি’র সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। এ সময় নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারা অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
​একই সময়ে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯২ ধারা অনুযায়ী ৫টি মামলা দায়ের করে ২,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
​পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের নেগুড়াহাটে দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। সেখানে নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করার মাধ্যমে আচরণ বিধিমালার ১৩(গ) ধারা ভঙ্গ করায় স্বতন্ত্র কলস মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস জানান, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আচরণবিধি প্রতিপালনে প্রশাসন বদ্ধপরিকর। জনভোগান্তি সৃষ্টি বা নির্বাচনী বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।”