বিএম সাব্বির হাসান,মণিরামপুর
যশোরের মণিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর আরিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বালিধা বৈরাগী মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, আরিফ হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। এমন নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ এখন আর বিলম্বিত বিচার চায় না। আরিফ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা নিহত আরিফের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।স্থানীয়রা জানান, আরিফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে। এজন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।













