বাংলাদেশ || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দিবিনিময় চুক্তিতে ভারত থেকে দেশে ফিরেছেন ১২৮ জন

বন্দিবিনিময় চুক্তিতে ভারত থেকে দেশে ফিরেছেন ১২৮ জন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১২৮ জেলে। বন্দিবিনিময় চুক্তির আওতায় ৫টি ফিশিং ট্রলারসহ তাদের মুক্তি দেওয়া হয়

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৩১ জানুয়ারি ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১২৮ জেলে। বন্দিবিনিময় চুক্তির আওতায় ৫টি ফিশিং ট্রলারসহ তাদের মুক্তি দেওয়া হয়। এসব জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কেউ দিক হারিয়ে, আবার কেউ ইঞ্জিনের ত্রুটির কারণে ভারতীয় সমুদ্র সীমায় গিয়ে সেই দেশের কোস্টগার্ডের কাছে ধরা পড়ে। দুই মাসের অধিক সময় পর মুক্তি পাওয়া জেলেদের শুক্রবার বিকালে মোংলা কোস্টগার্ড স্টেশনে আনা হয়। পরে কোস্টগার্ড, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন সরকারি সংস্থার উপস্থিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোন সূত্র জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে।অপরদিকে গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর  ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আটককৃত জেলেদের বন্দিবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।এ চুক্তিতে বাংলাদেশি ফিশিং ট্রলার এফবি আদিব–২ (২৮ জন), এফবি মায়ের দোয়া (৩২ জন), এফবি নুরে মদিনা (২৪ জন), এফবি আমিনা গণি (২৯ জন) এবং এফবি আল্লাহ মালিক (১৫ জন)। দেশীয় এ জেলেদের ভারত থেকে সমুদ্র পথে ফেরত আনে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস সোনার বাংলা।অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ডের হাতে আটক ভারতীয় এফবি শুভ যাত্রা (১৪ জন) ও এফবি অনি–২ (৯ জন) নামের দুটি ফিশিং ট্রলার সহ ২৩ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ড জাহাজ ভিজয়ার কাছে হস্তান্তর করে।কোস্টগার্ড জানায়, বন্দিবিনিময়ের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৭ জানুয়ারি ভারতীয় জেলেদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্ত করে মোংলায় আনা হয়। পরদিন ২৮ জানুয়ারি হস্তান্তরের উদ্দেশ্যে তাদের সমুদ্রে নিয়ে যাওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এলাকায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলেদের হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।শুক্রবার ৩০ জানুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের তত্ত্বাবধানে মোংলা কোস্টগার্ড বেইসে বাংলাদেশি জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দুই দেশের কোস্টগার্ডের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতেও সমুদ্র নিরাপত্তা ও মানবিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।